NBR News & Views

নকল সিগারেটের বিরুদ্ধে অভিযানে রাজস্ব কর্মকর্তাদের গাড়িতে হামলা

কুষ্টিয়া প্রতিনিধি
নকল সিগারেটের বিরুদ্ধে অভিযানে রাজস্ব কর্মকর্তাদের গাড়িতে হামলা

কুষ্টিয়ার ভেড়ামারায় নকল ও অবৈধ সিগারেট আটকের অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তারা। বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে দক্ষিণ ভবানীপুরের বাঁধন বিড়ি ফ্যাক্টরির কাছে এ হামলার ঘটনা ঘটে। এতে কর্মকর্তাদের ব্যবহৃত গাড়ি ক্ষতিগ্রস্ত এবং কয়েকজন কর্মকর্তা আহত হয়েছেন।

এ ঘটনায় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভেড়ামারা থানায় এজাহার দায়ের করা হয়েছে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল কুষ্টিয়া-২-এর রাজস্ব কর্মকর্তা মো. ওমর ফারুক ভূইয়া বাদী হয়ে এজাহারটি করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এনবিআরের নির্দেশে সারাদেশে রাজস্ব ফাঁকি দেওয়া নকল ও অবৈধ সিগারেট-বিড়ির বিরুদ্ধে অভিযান চলছে। এর অংশ হিসেবে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোরের অনুমোদনক্রমে ভেড়ামারা সার্কেলের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে ওই রাতে অভিযানে যান।

অভিযানে সহকারী রাজস্ব কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, আলী হোসেন সরকার, মো. আনন্দুল্লাহ মিয়া, রাহাত হোসেন, মো. আল আমিন, ফরিদুল্লাহ ও গাড়িচালক আবু হানিফ ছিলেন।

কর্মকর্তাদের গাড়িটি বাঁধন বিড়ি ফ্যাক্টরির কাছে পৌঁছালে ১০-১২ জন দুর্বৃত্ত ইট ও লাঠি নিয়ে গাড়ির গতিরোধ করে হামলা চালায়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন কর্মকর্তা আহত হন। পরে আহত কর্মকর্তারা পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। ৯৯৯-এ ফোন করার পর ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে।

পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।