NBR News & Views

‘Used Car Parts’ ঘোষণার আড়ালে কাটা BMW রেসিং কার ও ৫ হাফ-কাট ট্রাক

চট্টগ্রাম ব্যুরো
‘Used Car Parts’ ঘোষণার আড়ালে কাটা BMW রেসিং কার ও ৫ হাফ-কাট ট্রাক

‘Used Car Parts’ ঘোষণা দিয়ে আমদানি করা চালানে মিলেছে একটি BMW স্পোর্টস/রেসিং কার, BMW 740i-এর সামনের অর্ধাংশ এবং পাঁচটি হাফ-কাট Isuzu ট্রাক। চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (CIID) কায়িক পরীক্ষায় এসব পণ্য ধরা পড়ে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্দেহভাজন একটি পণ্যচালানের কায়িক পরীক্ষা করে ঘোষণার সঙ্গে পণ্যের বড় ধরনের অসামঞ্জস্য পাওয়া যায়। চালানটিতে Used Differential Assembly, Used Power Steering Assembly-সহ বিভিন্ন ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ ঘোষণা করা হয়েছিল। তবে পরীক্ষায় ঘোষণার বাইরে গাড়ি ও গাড়ির গুরুত্বপূর্ণ অংশ পাওয়া যায়।

চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান M/S Ayaz Auto International। প্রতিষ্ঠানের BIN নম্বর 004589005-0503 এবং ঠিকানা 2747/B, পি.সি. রোড, গ্রিন ভিউ, সারাইপাড়া, হালিশহর, চট্টগ্রাম-৪২১৬। চালানটির সিঅ্যান্ডএফ এজেন্ট Amin (C&F) (Pvt.) Ltd.। প্রতিষ্ঠানটির AIN নম্বর 301043121 এবং ঠিকানা Amin Bhaban, 1202 Double Mooring Road, Chittagong। রপ্তানিকারক প্রতিষ্ঠান Arab Japan Used Cars and Spare Parts Co LLC, সংযুক্ত আরব আমিরাত।

কায়িক পরীক্ষায় প্রথমে CKD (Completely Knocked Down) অবস্থায় একটি BMW দুই আসনের স্পোর্টস/রেসিং কার পাওয়া যায়। প্রাথমিকভাবে গাড়িটির মডেল S Drive 23i, ইঞ্জিন ক্ষমতা প্রায় ২,৫০০ সিসি এবং মডেল ইয়ার ২০০৯ বলে ধারণা করা হচ্ছে। তবে গাড়িটির সঠিক মডেল ইয়ার, চেসিস বা ভিআইএন এবং আমদানির বৈধতা প্রয়োজনীয় নথি ও কারিগরি যাচাই শেষে নিশ্চিত করা হবে।

চালানটিতে আরও পাওয়া যায় BMW 740i-এর সামনের অর্ধাংশ (Front Half/Half-Cut)। প্রাথমিক তথ্য অনুযায়ী এটি ২০১৬ সালের মডেল এবং ইঞ্জিন ক্ষমতা প্রায় ৩,০০০ সিসি। গাড়িটির শুধু সামনের অংশ পাওয়া যাওয়ায় এর অবশিষ্ট অংশ কোথায় রয়েছে, কিংবা অন্য কোনো চালানে তা আনা হয়েছে বা আনার চেষ্টা করা হচ্ছে কি না—তা খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দা।

এছাড়া চালানটিতে ৫টি Half-Cut Isuzu Truck পাওয়া যায়। এসব ট্রাকের কেবিনের ভেতরেও বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ প্যাক করে রাখা হয়েছিল। এর পাশাপাশি আরও বিভিন্ন ধরনের ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ পাওয়া গেছে।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, ঘোষিত পণ্য এবং কায়িক পরীক্ষায় পাওয়া পণ্যের প্রকৃতি ও অবস্থার মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। ফলে চালানটিতে পণ্য মিসডিক্লারেশন, শুল্ক-কর ফাঁকি এবং কাটা বা বিচ্ছিন্ন গাড়ির অংশ বিভিন্ন চালানের মাধ্যমে এনে পরবর্তীতে পুনঃসংযোজনের কোনো কৌশল ব্যবহার করা হয়েছে কি না—এসব বিষয় গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

বিশেষ করে BMW 740i-এর বাকি অর্ধাংশ কোথায় রয়েছে, সেটি অনুসন্ধানের গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট আমদানিকারকের অন্যান্য চালানের তথ্যও যাচাই করা হবে।

কাস্টমস কর্তৃপক্ষ চালানটির বিস্তারিত ইনভেন্টরি প্রস্তুত, চেসিস/ভিআইএন ও ইঞ্জিনের তথ্য যাচাই, প্রকৃত মূল্য নির্ধারণ এবং প্রযোজ্য আমদানি নীতি ও শুল্ক-কর পরীক্ষা করছে। এসব যাচাই শেষে Customs Act, 2023 এবং প্রযোজ্য অন্যান্য বিধিবিধান অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম বন্দরে ঘোষণার আড়ালে গাড়ি কিংবা গাড়ির গুরুত্বপূর্ণ অংশ আমদানির এ ধরনের প্রচেষ্টা শনাক্তে নজরদারি আরও জোরদার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।