রংপুরের কাউনিয়ায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি জব্দ করেছে ভ্যাট বিভাগ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মীরবাগ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুরের অধীন রংপুর ভ্যাট ডিভিশন সূত্রে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী অবৈধ তামাকজাত পণ্যের উৎপাদন, পরিবহন ও বিপণন এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধে নিয়মিত অভিযান ও নজরদারি চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় ভোর ৪টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মীরবাগ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি জব্দ করা হয়।
ভ্যাট বিভাগ জানিয়েছে, জব্দ করা বিড়ির বৈধতা, ব্র্যান্ড, প্যাকেট ও লেবেল, রাজস্ব পরিশোধসহ সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য যাচাই করা হবে। একই সঙ্গে বিড়িগুলো নকল বা অবৈধভাবে উৎপাদিত কি না, প্রয়োজনীয় যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তা নির্ধারণ করা হবে।
যাচাই শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রচলিত আইন ও বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর জানিয়েছে, অবৈধ তামাকজাত পণ্যের উৎপাদন, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধে অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

