নারায়ণগঞ্জে কর চালানপত্র ছাড়াই মজুত করা ৮৭ হাজার ৩৯০ কেজি সুতা জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। জব্দ করা সুতার আনুমানিক মূল্য ৩ কোটি ২০ লাখ টাকা। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার টানবাজারের জিমখানা এলাকায় এসআর ট্রেডের একটি অনিবন্ধিত গুদামে অভিযান চালিয়ে এসব সুতা জব্দ করা হয়।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জের একটি প্রতিরোধ দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এসআর ট্রেডের স্বত্বাধিকারী রাজীব সাহার গুদামে তল্লাশি চালিয়ে চীন, মালয়েশিয়া ও ভিয়েতনাম থেকে আমদানি করা পলিয়েস্টার ও নাইলনের ৭৭ হাজার ৩৯০ কেজি সুতা পাওয়া যায়। এসব সুতার কোনো কর চালানপত্র ছিল না।
এ ছাড়া কর চালানপত্রবিহীন ১০ হাজার কেজি স্থানীয় সুতা পাওয়া যায়। সব মিলিয়ে ৮৭ হাজার ৩৯০ কেজি সুতা জব্দ করা হয়েছে।
কমিশনারেট সূত্রে জানা গেছে, জব্দ করা সুতার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২০ লাখ টাকা। প্রযোজ্য রাজস্ব আদায়ের লক্ষ্যে ইতোমধ্যে আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
কর চালানপত্র ছাড়া বিপুল পরিমাণ আমদানি করা ও স্থানীয় সুতা মজুতের ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে এ ঘটনায় সম্ভাব্য রাজস্ব ফাঁকির পরিমাণ সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।

