NBR News & Views

কাস্টমস কর্মকর্তার ল্যাপটপ-মোবাইল ছিনতাই, গ্রেফতার এক

চট্টগ্রাম ব্যুরো
কাস্টমস কর্মকর্তার ল্যাপটপ-মোবাইল ছিনতাই, গ্রেফতার এক

চট্টগ্রাম নগরের কদমতলীতে কাস্টমস কর্মকর্তার ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় একাধিক মামলার আসামি এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া ল্যাপটপটি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৩১)। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নগরের সদরঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে কদমতলীর আটমাসিং এলাকা থেকে রেললাইনগামী পাকা সড়ক দিয়ে বাসার উদ্দেশে যাচ্ছিলেন কাস্টমস কর্মকর্তা মো. হাসানুজ্জামান খান। এ সময় তিন ছিনতাইকারী তাকে জোরপূর্বক থামিয়ে একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনার পর ওই দিনই ভুক্তভোগী কাস্টমস কর্মকর্তা কোতোয়ালি থানায় অজ্ঞাতপরিচয় তিনজনকে আসামি করে মামলা করেন।

পরে রোববার রাতে সদরঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেফতার করে পুলিশ। সদরঘাট থানার এসআই সাইফুল ইসলাম জানান, গ্রেফতার আনোয়ার একাধিক মামলার আসামি। তার কাছ থেকে ছিনতাই হওয়া ল্যাপটপটি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার আনোয়ার হোসেনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।