চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে দায়িত্ব পালনকালে কভার ভ্যানের ধাক্কায় নাসির নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। অভিযোগ উঠেছে, মাতাল অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, কর্মস্থলে দায়িত্ব পালন করছিলেন নাসির। এ সময় একটি কভার ভ্যানের চালক নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালিয়ে পেছন থেকে তাকে ধাক্কা দেন। এতে গুরুতর আহত হন নাসির। পরে তার মৃত্যু হয়।
নাসিরের স্বজন ও সহকর্মীদের অভিযোগ, চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে প্রায়ই বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করে। এতে শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীসহ বন্দরে কর্মরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ছে।
নাসিরের মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা বন্দরের অভ্যন্তরে যানবাহন চলাচলে কঠোরভাবে নিয়ম-শৃঙ্খলা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
তাদের দাবি, বন্দরের মতো গুরুত্বপূর্ণ ও কর্মব্যস্ত এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ, চালকদের দায়িত্বশীলতা এবং মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
নাসিরের অকাল মৃত্যুতে স্বজন ও সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

