NBR News & Views

কাস্টমস কর্মকর্তার সরকারি ল্যাপটপ ছিনতাই, মামলার বদলে জিডি নিল পুলিশ

চট্টগ্রাম ব্যুরো
কাস্টমস কর্মকর্তার সরকারি ল্যাপটপ ছিনতাই, মামলার বদলে জিডি নিল পুলিশ

চট্টগ্রামের পুরাতন স্টেশন রোড এলাকায় চট্টগ্রাম কাস্টম হাউসের এক কর্মকর্তার কাছ থেকে সরকারি ল্যাপটপ, মোবাইল ফোন, পরিচয়পত্র ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় মামলা না নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

ছিনতাইয়ের শিকার মো. হাসান-উজ-জামান খান চট্টগ্রাম কাস্টম হাউসের সিস্টেম অ্যানালিস্ট। রোববার ভোরে ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রামে পৌঁছে স্টেশন থেকে হেঁটে কদমতলী বাসস্ট্যান্ডের কাছে যাওয়ার পর এ ঘটনা ঘটে।

হাসান-উজ-জামান খান জানান, সিএনজির জন্য অপেক্ষা করার সময় দুই থেকে তিনজন যুবক ধারালো ছুরি দেখিয়ে তাকে জিম্মি করে। পরে তার কাছ থেকে সরকারি ল্যাপটপ, মোবাইল ফোন, পরিচয়পত্র ও মানিব্যাগসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় তারা।

কাস্টমস সূত্র জানায়, ছিনতাই হওয়া সরকারি ল্যাপটপে কাস্টমসের তথ্য ব্যবস্থায় প্রবেশের সুবিধা রয়েছে। এতে বিভিন্ন পাসওয়ার্ড ও গুরুত্বপূর্ণ তথ্য থাকায় ল্যাপটপটি অত্যন্ত সংবেদনশীল। ফলে ল্যাপটপটি উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অভিযোগ রয়েছে, ছিনতাইয়ের বিষয়টি জানিয়ে কোতয়ালী থানায় গেলে পুলিশ প্রথমে অভিযোগ নিতে চায়নি। পরে ছিনতাইকারীদের কথা উল্লেখ করে করা জিডি বাতিল করে শুধু ল্যাপটপ ও মোবাইল হারানোর বিষয় উল্লেখ করে নতুন করে জিডি নেওয়া হয়।

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার (মিডিয়া) শরীফ মো. আলামিন বলেন, এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। ল্যাপটপটি দ্রুত উদ্ধারের জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মৌখিকভাবে জানানো হয়েছে।

সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হাবিবুর রহমান প্রামাণিক বলেন, বিষয়টি তার জানা নেই। সরকারি সম্পত্তি হারালে জিডি নেওয়ার সুযোগ নেই উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি দ্রুত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলবেন।

তবে এ বিষয়ে বক্তব্য জানতে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।