বাগেরহাটে দুটি ট্রাকে অভিযান চালিয়ে সিগারেট উৎপাদনের বিপুল পরিমাণ সরঞ্জাম ও ১ হাজার ২৭৫ কেজি কাটিং তামাক জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনার অধীন ভ্যাট বিভাগ, বাগেরহাট।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে ট্রাক দুটি আটক করা হয়। আটক ট্রাক দুটি হলো—বগুড়া-ট-১১-০৭১৪ এবং ঢাকা মেট্রো-ট-১৬-২৬৪০।
আটক ট্রাক দুটিতে তল্লাশি চালিয়ে সিগারেট তৈরির মেশিন, বিভিন্ন ধরনের সরঞ্জাম, বিপুল পরিমাণ কাটিং তামাক, সিগারেট ফিল্টার, ফয়েল পেপার, জেনারেটর, গাম, স্কচটেপ ও সিগারেট পেপারসহ উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন উপকরণ পাওয়া যায়।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে একটি সেট মেকিং মেশিন (দুই পার্ট), একটি সেট প্যাকিং মেশিন (দুই পার্ট), ৫০টি প্লাস্টিক ক্যারেট, একটি জেনারেটর, ৫১ বস্তা কাটিং তামাক। প্রতিটি বস্তায় ২৫ কেজি করে মোট ১ হাজার ২৭৫ কেজি কাটিং তামাক রয়েছে।
এ ছাড়া ৭৬ রোল সিগারেট পেপার, পাঁচ কার্টন ফিল্টার পেপার, তিন ড্রাম গাম/আটা, ৫৪ রোল ফয়েল পেপার, ছয় বক্স প্যাকেট তৈরির কাগজ, একটি হাওয়ার ট্যাংকি এবং ১০০ পিস স্কচটেপ জব্দ করা হয়েছে।
প্রাথমিক যাচাইয়ে জব্দ করা মালামালের নমুনা দেখে কর্মকর্তারা ধারণা করছেন, এগুলো দিয়ে সিগারেট উৎপাদনের জন্য প্রায় একটি পূর্ণাঙ্গ কারখানার ব্যবস্থা করা সম্ভব। অর্থাৎ, শুধু কাঁচামাল নয়, সিগারেট উৎপাদন ও প্যাকেটজাত করার জন্য প্রয়োজনীয় মেশিন ও সরঞ্জামও সেখানে রয়েছে।
এ ঘটনায় আটক করা ট্রাক ও জব্দ করা মালামালের প্রয়োজনীয় যাচাই-বাছাই এবং আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে এনবিআর। একই সঙ্গে বিধি অনুযায়ী জব্দ করা মালামাল সদর দপ্তরের কাস্টমস গুদামে জমা দেওয়ার কার্যক্রমও চলছে।

