দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল ও সচল রাখার প্রত্যয় নিয়ে বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলামসহ কমিটির নির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন। অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. আজিজুর রহমান নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ, সিঅ্যান্ডএফ এজেন্ট, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে বক্তারা বলেন, হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল ও গতিশীল রাখতে সিঅ্যান্ডএফ এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায়ী ও আমদানিকারকদের স্বার্থ রক্ষা, বন্দরের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় বৃদ্ধিতে নবনির্বাচিত কমিটি কাজ করবে।
তারা আরও বলেন, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে হিলি স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়া হবে। এ জন্য নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে সিঅ্যান্ডএফ এজেন্টদের পেশাগত স্বার্থ সংরক্ষণের পাশাপাশি হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমে আরও গতি আসবে।

