NBR News & Views

নারায়ণগঞ্জে চালানবিহীন ২৪ টন সুতা জব্দ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে চালানবিহীন ২৪ টন সুতা জব্দ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি গোডাউনে অভিযান চালিয়ে চালানবিহীন ২৪ হাজার ২১ কেজি দেশি-বিদেশি সুতা জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জ। জব্দ করা সুতার আনুমানিক মূল্য ৮২ লাখ ৬৮ হাজার ২৫০ টাকা।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জের একটি প্রিভেন্টিভ দল আড়াইহাজারের পুরিন্দা বাজারের হাজী আব্দুল সালাম মার্কেটে মেসার্স জাহাঙ্গীর অ্যান্ড ব্রাদার্সের একটি গোডাউনে তল্লাশি চালায়।

তল্লাশিকালে কর চালানবিহীন দেশি ও বিদেশি সুতা পাওয়া যায়। এর মধ্যে দেশীয় সুতা ১৯ হাজার ৪৬৬ কেজি এবং বিদেশি সুতা ৪ হাজার ৫৫৫ কেজি। পরে সুতাগুলো জব্দ করা হয়।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জ জানিয়েছে, জব্দ করা সুতার আনুমানিক মূল্য ৮২ লাখ ৬৮ হাজার ২৫০ টাকা। প্রযোজ্য রাজস্ব আদায়ের লক্ষ্যে এ ঘটনায় ইতোমধ্যে আইনি কার্যক্রম গ্রহণ করা হয়েছে।