NBR News & Views

লালমনিরহাটে অভিযানে বিড়ির প্যাকেট ও ফিল্টারের লেভেল জব্দ

রংপুর প্রতিনিধি
লালমনিরহাটে অভিযানে বিড়ির প্যাকেট ও ফিল্টারের লেভেল জব্দ

অবৈধ তামাকজাত পণ্যের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী অভিযান অব্যাহত রেখেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটের হরিণছড়া ও খুনিয়াগাছ এলাকায় অভিযান চালানো হয়। ভ্যাট ডিভিশন, রংপুর ও ভ্যাট ডিভিশন, লালমনিরহাটের যৌথ অভিযানে একটি বাসায় তল্লাশি চালিয়ে বিড়ির প্যাকেটের এক বস্তা লেভেল ও বিড়ির ফিল্টারের আধা বস্তা লেভেল জব্দ করা হয়।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের তথ্যমতে, জব্দ করা সামগ্রী নকল ব্র্যান্ডরোল ব্যবহারের মাধ্যমে অবৈধভাবে বিড়ি উৎপাদনের কাজে ব্যবহারের জন্য সংরক্ষণ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রাজস্ব ফাঁকি ও অবৈধ তামাকজাত পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর।