দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে টানা সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আজ ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকার পর ২৪ অক্টোবর থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।
সোনাহাট স্থলবন্দরের কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমলের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ এবং দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্টদের পক্ষ থেকে ছুটির বিষয়টি বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ কারণে আজ ১৭ অক্টোবর শনিবার থেকে ২৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
তবে ১৭, ১৮ ও ১৯ অক্টোবর স্থলবন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম ও কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক বদিউজ্জামান।
ছুটি শেষে ২৪ অক্টোবর শনিবার থেকে সোনাহাট স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

