NBR News & Views

বেনাপোল কাস্টমসের অভিযানে ৭৩০ কেজি ভারতীয় রুই মাছ জব্দ

বেনাপোল প্রতিনিধি
বেনাপোল কাস্টমসের অভিযানে ৭৩০ কেজি ভারতীয় রুই মাছ জব্দ

যশোরের বেনাপোল স্থলবন্দরে আমদানিকৃত চালানের মধ্যে ঘোষণা বহির্ভূত ৭৩০ কেজি ভারতীয় রুই মাছ জব্দ করেছে বেনাপোল কাস্টমস হাউস। পরে জব্দকৃত মাছ প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। বৃহস্পতিবার বেনাপোল বন্দরের ৩১ নম্বর ইয়ার্ডে সংরক্ষিত মাছের নিলাম কার্যক্রম সম্পন্ন হয়।

বেনাপোল কাস্টমস হাউস সূত্রে জানা যায়, সি-৩২৯৪ নম্বর বিল অব এন্ট্রি এবং ৬০১২২৬০০২০০০২৮১১৭ নম্বর মেনিফেস্টের বিপরীতে আমদানিকৃত মাছ পরীক্ষণের সময় কাস্টমস কর্মকর্তারা ঘোষণা বহির্ভূত ৭৩০ কেজি ভারতীয় রুই মাছ শনাক্ত করেন। পরবর্তীতে তা আটক ও বাজেয়াপ্ত করা হয়।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আজিজুর রহমানের নির্দেশনায় এবং কাস্টমস কর্মকর্তাদের তৎপরতায় সরকারের রাজস্ব সুরক্ষা ও পচনশীল পণ্যের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে শুল্ক গুদাম (বিজিবি সাইড) প্রাঙ্গণে বিকেল ৩টায় প্রকাশ্য নিলামের আয়োজন করা হয়।

নিলামে অংশগ্রহণকারী ক্রেতাদের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ভ্যাট নিবন্ধন, আয়কর সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। কাস্টমস বিধি অনুযায়ী সর্বোচ্চ দরদাতাকে উদ্ধৃত মূল্যের ২০ শতাংশ জামানত তাৎক্ষণিকভাবে জমা দিতে বলা হয়। পাশাপাশি বিক্রয় মূল্যের ওপর ১৫ শতাংশ মূসক এবং ১০ শতাংশ উৎস কর পরিশোধের বিধান রাখা হয়।

সহকারী কাস্টমস কমিশনার রাহাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নিলামের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, বেনাপোল কাস্টমস হাউসের নিয়মিত তদারকি ও স্বচ্ছ নিলাম কার্যক্রম একদিকে সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি করছে, অন্যদিকে চোরাচালান প্রতিরোধেও কঠোর বার্তা দিচ্ছে।