NBR News & Views

মানিকগঞ্জের বিউটি টোব্যাকো সিলগালা

নকল ব্যান্ডরোলে ১১ লাখ টাকার রাজস্ব ফাঁকি

নিজস্ব প্রতিবেদক
নকল ব্যান্ডরোলে ১১ লাখ টাকার রাজস্ব ফাঁকি

নকল ব্যান্ডরোল ব্যবহার করে শুল্ক-কর ফাঁকির অভিযোগে মানিকগঞ্জের শিবালয়ে বিউটি টোব্যাকো কোম্পানিতে অভিযান চালিয়ে ৩ লাখ ৭০ হাজার শলাকা সিগারেট ও ১৩ হাজার পিস অব্যবহৃত স্ট্যাম্প ব্যান্ডরোল জব্দ করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ করে সিলগালা করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বুধবার (২৬ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ আগস্ট মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশ ও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, মানিকগঞ্জের যৌথ দল শিবালয়ের বিউটি টোব্যাকো কোম্পানিতে অভিযান পরিচালনা করে। এ সময় কিং ব্ল্যাক, ডি অ্যান্ড জি, ডলার, সেনর গোল্ড ও বার্বি ব্র্যান্ডের ৩ লাখ ৭০ হাজার শলাকা সিগারেট এবং ১৩ হাজার পিস অব্যবহৃত স্ট্যাম্প ব্যান্ডরোল আটক করা হয়।

আটক করা সিগারেট ও ব্যান্ডরোলের সত্যতা যাচাইয়ের জন্য ১২ আগস্ট গাজীপুরের দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন লিমিটেডে নমুনা পাঠানো হয়। পরে ২৩ আগস্ট প্রতিষ্ঠানটি জানায়, ডলার ব্র্যান্ডের সিগারেটের গায়ে লাগানো স্ট্যাম্প ব্যান্ডরোল এবং অব্যবহৃত ব্যান্ডরোল নকল।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ৩ লাখ ৭০ হাজার শলাকা সিগারেটের মধ্যে ৯০ হাজার শলাকায় ব্যবহৃত ব্যান্ডরোল এবং ১৩ হাজার পিস অব্যবহৃত ব্যান্ডরোল নকল। এসব নকল ব্যান্ডরোলের সঙ্গে জড়িত শুল্ক-কর বাবদ প্রায় ১১ লাখ ৩২ হাজার টাকা রাজস্বের সংশ্লিষ্টতা রয়েছে।

নকল ও অবৈধ ব্যান্ডরোল মজুদ ও ব্যবহার করে শুল্ক-কর ফাঁকির অভিযোগে বিউটি টোব্যাকো কোম্পানির বিরুদ্ধে The Special Power Act, 1974-এর ২৫এ, ২৫বি, ২৫ডি ও ২৫ই ধারায় মামলা করা হয়েছে। ২৬ আগস্ট শিবালয় থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার নম্বর ২১, তারিখ ২৬ আগস্ট ২০২৬।

এদিকে মামলার পাশাপাশি প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ করে সিলগালা করা হয়েছে।

এনবিআর জানিয়েছে, অবৈধ তামাকজাত পণ্যের উৎপাদন, মজুদ ও বিপণনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। টোব্যাকো খাতে যথাযথ রাজস্ব আদায়ের লক্ষ্যে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।