ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভুয়া সন্দেহে সাইফুল ইসলাম নামে এক ভ্যাট পরিদর্শককে মারধর করে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সবুজ মিয়া নামে আরও একজন আহত হয়েছেন। শনিবার (৯ মে) দুপুর ২টার দিকে উপজেলার দুর্গারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভ্যাট পরিদর্শক সাইফুল ইসলাম দুর্গারামপুর এলাকার মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজে যান। সেখানে তিনি নিজের ভিজিটিং কার্ড দেখিয়ে প্রতিষ্ঠানের মালিক হাবিবুর রহমানের কাছে ভ্যাট সংক্রান্ত কাগজপত্র দেখতে চান। সরকারি ছুটির দিনে দায়িত্ব পালন করায় ব্যবসায়ী হাবিবুর রহমান তাকে ভুয়া কর্মকর্তা সন্দেহ করেন। পরে স্থানীয় লোকজনকে জড়ো করে তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে তাকে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন। এ সময় মো. সবুজ মিয়া নামে এক ব্যক্তি এগিয়ে এসে বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন বলেন, আহত ভ্যাট পরিদর্শককে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

