NBR News & Views

টেস্ট চ্যাম্পিয়নশিপে চার কিংবা পাঁচে থাকতে চায় বাংলাদেশ : শান্ত

স্পোর্টস ডেস্ক
টেস্ট চ্যাম্পিয়নশিপে চার কিংবা পাঁচে থাকতে চায় বাংলাদেশ : শান্ত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের লক্ষ্য চার কিংবা পাঁচ নম্বরে থেকে আসর শেষ করা বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি মনে করেন, গত কয়েক বছরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উন্নতি হয়েছে এবং এবার আরও ভালো করার সুযোগ রয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, “গত দুই বছর আমরা ভালো ক্রিকেট খেলেছি। আগের চক্রগুলোর তুলনায় এবার উন্নতি হয়েছে। এবার যদি চার-পাঁচের মধ্যে শেষ করতে পারি, তাহলে খুবই ভালো লাগবে।”

তিনি বলেন, সামনে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো কঠিন সফর রয়েছে, যা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হবে। তবে ঘরের মাঠে প্রতিপক্ষ অনুযায়ী কন্ডিশন তৈরি করে প্রস্তুতি নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

শান্তের ভাষ্য, “আমাদের দল এখন অনেক বেশি ব্যালান্সড। পেস বোলিং, স্পিন বোলিং ও ব্যাটিং—সব বিভাগেই উন্নতি হয়েছে। তাই কোন ধরনের উইকেটে খেললে ভালো হবে, সেটা নির্ধারণ করা এখন সহজ।”

২০১৯ সালে শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই আসরে বাংলাদেশ নবম স্থানে ছিল। তবে ২০২৩-২৫ চক্রে ১২ টেস্টে ৪৫ পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো সপ্তম স্থানে উঠে আসে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে পেছনে ফেলেই এই অগ্রগতি।

২০২৫-২৭ চক্রে এখন পর্যন্ত বাংলাদেশ দুটি টেস্ট খেলেছে। পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের সিরিজও টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এ সিরিজে ভালো ফল করতে পারলে পয়েন্ট তালিকায় আরও ওপরে ওঠার সুযোগ তৈরি হবে বাংলাদেশের সামনে।