NBR News & Views

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে দলে ভেড়াল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে দলে ভেড়াল বার্সেলোনা

স্পেনকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক রদ্রিকে দলে ভেড়াতে যাচ্ছে বার্সেলোনা। তারকা এই মিডফিল্ডারের জন্য স্প্যানিশ ক্লাবটির দেওয়া ৬ কোটি ৫৪ লাখ পাউন্ডের প্রস্তাব গ্রহণ করেছে ম্যানচেস্টার সিটি—এমন দাবি করেছে ব্রিটিশ গণমাধ্যম।

স্কাই স্পোর্টসের রোববারের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ব্যালন ডি’অরজয়ী রদ্রি বার্সেলোনার সঙ্গে চার বছরের চুক্তিতে সম্মত হয়েছেন। দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আগামী সপ্তাহেই ক্যাম্প ন্যুতে যাওয়ার কথা রয়েছে ৩০ বছর বয়সী এই মিডফিল্ডারের।

২০১৯ সালে আতলেতিকো মাদ্রিদ থেকে তৎকালীন ক্লাব রেকর্ড ৬ কোটি ২৮ লাখ পাউন্ডে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন রদ্রি। ইতিহাদ স্টেডিয়ামে সাত মৌসুমে ২৯৮ ম্যাচ খেলে তিনি জিতেছেন ১২টি বড় শিরোপা। এর মধ্যে রয়েছে চারটি প্রিমিয়ার লিগ, দুটি এফএ কাপ, তিনটি লিগ কাপ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ।

সিটির সঙ্গে রদ্রির চুক্তির মেয়াদ আরও এক বছর বাকি ছিল। ইংলিশ ক্লাবটি তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চাইলেও শেষ পর্যন্ত বার্সেলোনার প্রস্তাব গ্রহণ করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

পিঠে ছোট অস্ত্রোপচারের পর শুক্রবার সিটির অনুশীলনে ফিরেছিলেন রদ্রি। তবে রোববার কমিউনিটি শিল্ডে আর্সেনালের বিপক্ষে ৩-০ গোলে হারের ম্যাচে তিনি সিটির স্কোয়াডে ছিলেন না। এর মধ্যেই তার ক্লাব পরিবর্তনের খবর সামনে এলো।