NBR News & Views

বিমানবন্দরের সক্ষমতা ও নিরাপত্তা বাড়াতে বিশেষ ই-নিলাম শুরু করেছে ঢাকা কাস্টমস

নিজস্ব প্রতিবেদক
বিমানবন্দরের সক্ষমতা ও নিরাপত্তা বাড়াতে বিশেষ ই-নিলাম শুরু করেছে ঢাকা কাস্টমস

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট ইউনিট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিটে কর্মউপযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি, নিরাপত্তাজনিত ঝুঁকি নিরসন এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে বিশেষ ই-নিলামের উদ্যোগ নিয়েছে কাস্টমস হাউস, ঢাকা। এ লক্ষ্যে একটি বিশেষ ই-নিলাম বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, কাস্টমস হাউস, ঢাকার অধিক্ষেত্রাধীন এয়ারফ্রেইট ইউনিট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিটে রক্ষিত বিভিন্ন ধরনের পণ্য ‘যেখানে যে অবস্থায় আছে’ ভিত্তিতে ই-নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। এ জন্য আগ্রহী নিলাম ক্রেতাদের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে।

এনবিআরের বিশেষ আদেশ নং-২৬/২০২৬/কাস্টমসের নির্দেশনা অনুযায়ী, প্রথম নিলামে কোনো লটের জন্য প্রাপ্ত দরগুলোর মধ্যে সর্বোচ্চ দরদাতার কাছেই সংশ্লিষ্ট পণ্য বিক্রি করা হবে। আগ্রহী বিডাররা ১৯ জুন সকাল ৯টা থেকে ২ জুলাই দুপুর ১টা পর্যন্ত নির্ধারিত ই-অকশন ওয়েবসাইটে নিবন্ধন বা লগইন করে নিলামে অংশ নিতে পারবেন।

নিলাম কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পুরো প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। একই সঙ্গে বিডারদের জন্য সরেজমিনে পণ্য পরিদর্শনের সুযোগ এবং অনলাইনে বিড করার ব্যবস্থা রাখা হয়েছে। তবে জামানতের পে-অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত দরপত্র বাক্সে জমা দিতে হবে।

আগামী ২ জুলাই দুপুর ৩টায় কাস্টমস হাউস, ঢাকার সম্মেলন কক্ষে ই-অকশন সফটওয়্যারের মাধ্যমে অংশগ্রহণকারী বিডারদের তথ্য প্রকাশ করা হবে। সর্বোচ্চ দরদাতাদের আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪-এর প্রযোজ্য শর্ত পরিপালন সাপেক্ষে পণ্য খালাস গ্রহণ করতে হবে।

জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্ষমতা বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের নিলাম কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।