NBR News & Views

আট দিন বন্ধ হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য

হিলি প্রতিনিধি
আট দিন বন্ধ হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা আট দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

শুক্রবার (১৬ অক্টোবর) হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সাপ্তাহিক ছুটির কারণে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এরপর ভারতের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শনিবার (১৭ অক্টোবর) থেকে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

শাহিনুর ইসলাম আরও জানান, ভারতে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন সড়কে প্রতিমা নির্মাণ ও পূজাসংক্রান্ত আয়োজনের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এ কারণে ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

তিনি বলেন, আগামী ২৪ অক্টোবর শনিবার থেকে দুই দেশের মধ্যে পুনরায় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি ছুটি ছাড়া বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম চালু থাকবে। এ সময়ে আমদানিকারকেরা চাইলে তাঁদের আমদানি করা পণ্য খালাস নিতে পারবেন।

তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো বিঘ্ন ঘটবে না। ফলে পণ্য পরিবহন বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।