NBR News & Views

রিয়াজউদ্দিন বাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রাম ব্যুরো
রিয়াজউদ্দিন বাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারের ফলের গলিতে অভিযান চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭।

সোমবার (১০ আগস্ট) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে রিয়াজউদ্দিন বাজারের ফলের গলির একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৭ সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭-এর একটি আভিযানিক দল ওই ভবনে অভিযান চালায়। পরে ভবনের কয়েকটি কক্ষে তল্লাশি করে সরকারি শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।

র‌্যাব-৭-এর মেজর জালিস মাহমুদ খান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রিয়াজউদ্দিন বাজারের ফলের গলিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে এসব সিগারেট সরকারি শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করে মজুত ও বিক্রির জন্য রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে র‌্যাব।

র‌্যাব-৭ সূত্র আরও জানায়, অবৈধভাবে আমদানি করা এসব সিগারেটের কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অবৈধ পণ্য আমদানি, মজুত ও বাজারজাতকরণ বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানে জব্দ করা সিগারেটের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র‌্যাব-৭।