বাংলাদেশ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলাম-এর ওপর অসাধু ব্যবসায়ী চক্রের হামলা ও মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট তৃতীয় শ্রেণি নির্বাহী কর্মচারী সমিতি (বাকাস)।
রবিবার (১০ মে) এক প্রতিবাদ ও নিন্দা বার্তায় সংগঠনটির সভাপতি মোঃ সালেক খান বলেন, রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষা ও রাজস্ব আহরণে নিয়োজিত একজন দায়িত্বশীল কর্মকর্তার ওপর এ ধরনের হামলা শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, বরং রাষ্ট্রের আইন ও শৃঙ্খলার ওপর সরাসরি আঘাত।
বিবৃতিতে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে সৎ ও দায়িত্বশীল কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত এবং দুর্নীতিবাজ ও অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

