NBR News & Views

দুদকের ইতিহাসে প্রথমবার কমিশনার হলেন

এনবিআরের সাবেক সদস্য সাজ্জাদ হোসেন

নিজস্ব প্রতিবেদক
এনবিআরের সাবেক সদস্য সাজ্জাদ হোসেন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ইতিহাসে প্রথমবারের মতো কর ক্যাডারের কোনো সাবেক কর্মকর্তাকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর বিভাগের সাবেক সদস্য ও ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে দুদকের নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। দুদক আইন, ২০০৪ অনুযায়ী কমিশনার হিসেবে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকের সমপর্যায়ের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের কর ক্যাডারে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে কর আইন, করনীতি, আর্থিক ব্যবস্থাপনা, অর্থপাচার প্রতিরোধ ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে কাজের অভিজ্ঞতা অর্জন করেন। ২০২২ সালে এনবিআরের সদস্য হিসেবে অবসর নেন তিনি। পরে ২০২৫ সালের ৪ মে তাকে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তার কর্মজীবন শুরু হয় ব্যাংকিং খাতে। ১৯৮৭ সালে আইসিবির সিনিয়র অফিসার হিসেবে যোগ দেন তিনি। পরের বছর এবি ব্যাংকে প্রভিশনারি অফিসার হিসেবে দায়িত্ব নেন। ১৯৮৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে প্রভাষক হিসেবেও কাজ করেন।

শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন সাজ্জাদ হোসেন। ১৯৮৪ সালে প্রথম শ্রেণিতে বি.কম (সম্মান) এবং ১৯৮৫ সালে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে এম.কম ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে ব্যবসায় প্রশাসনে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।

উচ্চশিক্ষার ক্ষেত্রেও তার সম্পৃক্ততা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ, ফিন্যান্স বিভাগসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।