করের হার বৃদ্ধি না করে উৎপাদন সক্ষমতা বাড়ানো, শিল্পায়নের গতি ত্বরান্বিত করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের মাধ্যমে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহে জোর দিচ্ছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর সিরডাপ মিলনায়তনে গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড আয়োজিত বাজেট-পরবর্তী আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ড. তিতুমীর বলেন, অর্থনীতিকে শক্তিশালী করতে উৎপাদনশীলতা বৃদ্ধি ও উৎপাদনমুখী শিল্পায়নকে অগ্রাধিকার দিতে হবে। শিল্প খাতের সম্প্রসারণ হলে বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরবে।
তিনি বলেন, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে রাজস্ব ব্যবস্থায় সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে পুনরুদ্ধার, সংস্কার ও পুনর্গঠনের তিনমুখী কৌশল নেওয়া হয়েছে।
অর্থ উপদেষ্টা জানান, বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে প্রথমবারের মতো পাঁচ বছরের কর কাঠামোর রূপরেখা বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি প্রশাসনিক জটিলতা কমানো ও নিয়ন্ত্রণ ব্যবস্থা সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজস্ব ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, শুধু করের আওতা বৃদ্ধি বা করহার পরিবর্তন করলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। আয়কর, কাস্টমস ও ভ্যাট খাতে সুশাসন নিশ্চিত করতে টাস্কফোর্সের মাধ্যমে তদারকি করা হচ্ছে।
আলোচনা সভায় র্যাপিডের চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা জরুরি। প্রবৃদ্ধির পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও আর্থিক ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
সভায় অর্থনীতিবিদ, গবেষক ও সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

