জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে ঢাকা ও চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর এবং ঢাকার বিমানবন্দরের ফরেন পোস্ট অফিসে চারটি পৃথক অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গত ১৫ ও ১৬ অক্টোবর পরিচালিত এসব অভিযানে প্রায় ৩ কোটি ২৩ লাখ টাকার স্বর্ণবার, মদ, ডার্মাল ফিলার ও স্কিন বুস্টার ইনজেকশন, আমদানি নিষিদ্ধ গৌরি ক্রিম এবং ব্যবহৃত ল্যাপটপ আটক ও জব্দ করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, চারটি অভিযানে জব্দ পণ্যের মোট আনুমানিক মূল্য ৩ কোটি ২২ লাখ ৮৭ হাজার টাকা।
অধিদপ্তর জানায়, অবৈধ ও অননুমোদিত পণ্যের আমদানি প্রতিরোধ, সরকারি রাজস্ব সুরক্ষা এবং জনস্বাস্থ্যের জন্য সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পণ্যের প্রবেশ ঠেকাতে এসব অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণবার আটক
১৫ অক্টোবর সকালে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালানো হয়। দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটের যাত্রী আবদুল্লাহ আল নোমানকে গ্রিন চ্যানেলে নজরদারিতে নেওয়া হয়।
কাস্টমস গোয়েন্দা জানায়, ওই যাত্রী প্রথমে ১০০ গ্রাম স্বর্ণালংকারের ঘোষণা দিলেও জিজ্ঞাসাবাদে স্বর্ণবার বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে অন্যান্য সংস্থার উপস্থিতিতে কাস্টমস হলরুমে দেহ তল্লাশি করে তাঁর কাছ থেকে ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণবার উদ্ধার করা হয়। স্বর্ণবারটি ডিটেনশন মেমোর মাধ্যমে আটক করা হয়েছে। শুল্ক-করসহ এর আনুমানিক মূল্য ২১ লাখ ৬ হাজার টাকা।
ঢাকা বিমানবন্দরে ৩০ লিটার মদ জব্দ
একই দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক তৎপরতায় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩০ লিটার মদ আটক করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। এর মধ্যে মুম্বাই থেকে আসা এয়ার ইন্ডিয়ার এআই-২১৮৩ ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ থেকে ১৬ লিটার, বিমানবন্দরের টয়লেটে পরিত্যক্ত অবস্থায় ৭ দশমিক ৫ লিটার এবং অপর দুই যাত্রীর কাছ থেকে ৬ দশমিক ৫ লিটার মদ উদ্ধার করা হয়।
আটক মদের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা। অবৈধ মদ আমদানি প্রতিরোধের মাধ্যমে রাজস্ব সুরক্ষার পাশাপাশি অননুমোদিত উৎসের পণ্য বাজারজাত হওয়ার ঝুঁকি কমানো সম্ভব বলে জানিয়েছে অধিদপ্তর।
৫৭ লাখ টাকার ডার্মাল ফিলার ও স্কিন বুস্টার আটক
১৬ অক্টোবর সকালে কলম্বো থেকে আসা শ্রীলঙ্কান এয়ারলাইনসের ইউএল-১৮৯ ফ্লাইটের যাত্রী মো. রাকিব হোসেনের ব্যাগেজ সন্দেহজনক মনে হওয়ায় স্ক্যান ও তল্লাশি চালান কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় তাঁর ব্যাগেজ থেকে চার ধরনের ১৫৫টি ডার্মাল ফিলার ও স্কিন বুস্টার ইনজেকশন আটক করা হয়। পণ্যগুলোর মোট পরিমাণ ১৬১ মিলিলিটার এবং আনুমানিক বাজারমূল্য ৫৭ লাখ ৭৬ হাজার টাকা।
আটক পণ্যের মধ্যে রয়েছে রেস্টিলেন লিডোকেইন ৫৫টি, রেস্টিলেন লিফট লিডোকেইন ৫৪টি, জুভেডার্ম ভলিউমা উইথ লিডোকেইন ৪০টি এবং প্রোফাইলো ৬টি।
এসব ইনজেকশন ত্বকের বলিরেখা কমানো, মুখের গঠন পরিবর্তন ও ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহার করা হয়। তবে যথাযথ অনুমোদন, গুণগত মান ও নিরাপত্তা যাচাই ছাড়া এসব পণ্য আমদানি ও ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। আটক পণ্যগুলোর আমদানির বৈধতা ও নিয়ন্ত্রক অনুমোদন যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে অধিদপ্তর।
ফরেন পোস্ট অফিসে ২ কোটি ৩৮ লাখ টাকার পণ্য জব্দ
১৬ অক্টোবর ঢাকার বিমানবন্দরের ফরেন পোস্ট অফিসে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৭ কার্টনে থাকা ১ হাজার ১০৪ কেজি আমদানি নিষিদ্ধ গৌরি স্কিন হোয়াইটেনিং ক্রিম এবং ২৩টি ব্যবহৃত কোর আই-৫ ল্যাপটপ জব্দ করা হয়। এসব পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩৮ লাখ ৫ হাজার টাকা।
কাস্টমস গোয়েন্দা জানায়, অননুমোদিত ত্বক ফর্সাকারী ক্রিমে ক্ষতিকর রাসায়নিক থাকার আশঙ্কা রয়েছে। তবে জব্দ করা গৌরি ক্রিমে ক্ষতিকর উপাদান রয়েছে কি না, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে।
অন্যদিকে, আমদানি নিষিদ্ধ ব্যবহৃত ল্যাপটপের অনিয়ন্ত্রিত প্রবেশ ভোক্তাদের পণ্যের মান, কার্যক্ষমতা ও নিরাপত্তাসংক্রান্ত ঝুঁকিতে ফেলতে পারে। এ ছাড়া এ ধরনের পণ্য বৈধ ব্যবসায়ীদের জন্য অসম প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে পারে।
রাজস্ব ও জনস্বাস্থ্য সুরক্ষায় নজরদারি জোরদার
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংস্থাটির অভিযান শুধু শুল্ক ফাঁকি ও চোরাচালান প্রতিরোধে সীমাবদ্ধ নয়। জনস্বাস্থ্যের জন্য সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পণ্য, অননুমোদিত প্রসাধনী ও ইনজেকশন এবং আমদানি নিষিদ্ধ ইলেকট্রনিক পণ্যের প্রবেশ ঠেকাতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
রাজস্ব সুরক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ, বৈধ ব্যবসার পরিবেশ বজায় রাখা এবং অবৈধ বাণিজ্য প্রতিরোধে দেশের আন্তর্জাতিক বিমানবন্দর, সমুদ্রবন্দর, স্থলবন্দর ও অন্যান্য শুল্ক স্টেশনে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

