NBR News & Views

মেসিকে নিয়ে আন্তোনেলার আবেগঘন বার্তা, ‘এই ভালোবাসা তুমি অর্জন করেছ’

স্পোর্টস ডেস্ক
মেসিকে নিয়ে আন্তোনেলার আবেগঘন বার্তা, ‘এই ভালোবাসা তুমি অর্জন করেছ’

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির বিদায়ী ম্যাচটি যেন রূপকথার মতোই হয়েছে। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনকে ৩-০ গোলে হারানোর ম্যাচে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

মেসির বিদায়ের পর তাকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।

মঙ্গলবারের ম্যাচ শেষে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে মেসিকে উদ্দেশ করে আন্তোনেলা লিখেছেন, ‘কিছু রাত পুরো একটি জীবনের গল্প বলে দেয়। গত রাতটিও ছিল তেমনই একটি রাত। তোমাকে এত ভালোবাসায় ঘেরা অবস্থায় দেখা, এত মানুষকে তোমাকে ধন্যবাদ জানাতে এবং বছরের পর বছর তুমি তাদের যা দিয়েছ, তার প্রতিদান দিতে দেখা কতই না সুন্দর ছিল।’

মেসির প্রতি মানুষের এই ভালোবাসা তার ব্যক্তিত্ব, বিনয় ও দায়বদ্ধতার কারণেই অর্জিত হয়েছে বলেও উল্লেখ করেন আন্তোনেলা। তিনি লেখেন, ‘এই ভালোবাসা তুমি অর্জন করেছ। তোমার ব্যক্তিত্ব, বিনয়, দায়বদ্ধতা এবং এই জার্সির জন্য তুমি সবসময় যে হৃদয় উজাড় করে দিয়েছ, সেসব দিয়েই তুমি এই ভালোবাসা তৈরি করেছ।’

মেসির সঙ্গে দীর্ঘ পথচলার অংশ হতে পারাকে নিজের জন্য বিশেষ সৌভাগ্য হিসেবে উল্লেখ করে আন্তোনেলা বলেন, ‘তোমার পাশে থেকে এই পথচলার অংশ হতে পারা কত বড় সৌভাগ্যের! আর তোমার জীবনের এত বড় একটি অধ্যায়ের এমনভাবে সমাপ্তি দেখতে পাওয়াটা কত আনন্দের। আমাদের এত কিছু শেখানোর জন্য তোমাকে ধন্যবাদ! আমরা তোমাকে ভালোবাসি! সবসময় তোমার সঙ্গে আছি।’

মেসির বিদায়ী ম্যাচ ঘিরে ম্যাচের আগ থেকেই ছিল নানা আয়োজন। সতীর্থ, সাবেক ফুটবলার ও সমর্থকদের ভালোবাসা এবং বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আর্জেন্টাইন মহাতারকাকে সম্মান জানানো হয়।

বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাওয়া থেকে শুরু করে মেসির ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলো নিয়ে বিশেষ ড্রোন শো—সবকিছুতেই ছিল তাকে ঘিরে বিশেষ আয়োজন। আর্জেন্টিনায় ফুটবলের আবেগের জায়গাটি কতটা গভীর, মেসিকে ঘিরে এসব আয়োজনেই তার প্রতিফলন দেখা গেছে।

আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টিনাকে একাধিক রেকর্ড ও বড় শিরোপা এনে দেওয়া মেসি দেশটির ফুটবল ইতিহাসে দিয়েগো মারাদোনার সঙ্গে সবচেয়ে বেশি শ্রদ্ধেয় দুই তারকার একজন।

বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচেও নিজের সামর্থ্যের স্বাক্ষর রেখেছেন ৩৯ বছর বয়সী মেসি। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ৪৮তম মিনিটে নিকোলাস ওতামেন্দিকে দিয়ে গোল করান তিনি। এরপর নিকো পাজের গোলেও অবদান রাখেন মেসি। তার বাড়ানো বল থেকেই দুর্দান্ত বাঁকানো শটে ব্যবধান ২-০ করেন পাজ।

এরপর পেনাল্টি থেকে নিজেই গোল করে আর্জেন্টিনার জয় ৩-০ করেন মেসি। গোল ও দুটি অ্যাসিস্টে নিজের বিদায়ী ম্যাচটিকে স্মরণীয় করে রাখেন আর্জেন্টাইন মহাতারকা।

শেষ বাঁশি বাজার পর সতীর্থদের সঙ্গে আলিঙ্গনে আবদ্ধ হন মেসি। গ্যালারিভর্তি সমর্থকদের করতালি ও স্লোগানে মুখর হয়ে ওঠে মনুমেন্তাল স্টেডিয়াম। এভাবেই আর্জেন্টিনার হয়ে মেসির দীর্ঘ ও গৌরবময় আন্তর্জাতিক অধ্যায়ের আবেগঘন সমাপ্তি ঘটে।