NBR News & Views

হেবা দলিলে উৎসে কর নয়, শুধু দানকর প্রযোজ্য : এনবিআর

নিজস্ব প্রতিবেদক
হেবা দলিলে উৎসে কর নয়, শুধু দানকর প্রযোজ্য : এনবিআর

হেবা (দান) দলিলের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে উৎসে কর নয়, শুধুমাত্র দানকর প্রযোজ্য বলে স্পষ্ট করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন আয়কর আইন ও বিধিমালার ভাষাগত অস্পষ্টতার কারণে মাঠপর্যায়ে সৃষ্টি হওয়া বিভ্রান্তি দূর করতে মঙ্গলবার (৭ জুলাই) এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে সংস্থাটি।

এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন-১) মো. একরামুল হক স্বাক্ষরিত এক স্পষ্টীকরণে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ১২৫ ধারা এবং উৎসে কর বিধিমালা, ২০২৬ অনুযায়ী সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে নির্ধারিত হারে উৎসে কর সংগ্রহের বিধান রয়েছে। তবে ২০২৬-২৭ অর্থবছর থেকে ১২৫ ধারায় নতুন উপধারা (২ক) সংযোজনের মাধ্যমে হেবা বা দানের ক্ষেত্রে পৃথক বিধান করা হয়েছে।

স্পষ্টীকরণে বলা হয়, হেবা বা দানের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের দলিল নিবন্ধনের ক্ষেত্রে দানকর আইন, ১৯৯০ অনুযায়ী প্রযোজ্য হারে দানকর ই-চালানের মাধ্যমে নিবন্ধনকারী কর্মকর্তা আদায় করবেন। এ ক্ষেত্রে উৎসে কর প্রযোজ্য হবে না।

এনবিআর জানিয়েছে, এই বিধান শুধুমাত্র হেবা বা দানের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের জন্য প্রযোজ্য। অন্যদিকে, ক্রয়-বিক্রয়ের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে দানকর প্রযোজ্য নয়; বরং বিদ্যমান বিধান অনুযায়ী নির্ধারিত হারে উৎসে কর পরিশোধ করতে হবে।

সংস্থাটি আরও জানায়, নতুন আয়কর আইন ও বিধিমালায় সম্পত্তি নিবন্ধনের আগে কর পরিশোধ বাধ্যতামূলক করায় হেবা ও দান দলিলের ক্ষেত্রে দানকরের পাশাপাশি উৎসে করও দিতে হবে কি না—এ নিয়ে মাঠপর্যায়ে বিভ্রান্তি তৈরি হয়। এর ফলে দেশের বিভিন্ন স্থানে হেবা ও দানসংক্রান্ত জমি ও ফ্ল্যাটের দলিল নিবন্ধন কার্যক্রমে জটিলতা সৃষ্টি হয়।

এনবিআরের ব্যাখ্যায় স্পষ্ট করা হয়েছে, হেবা বা দানের ক্ষেত্রে শুধুমাত্র দানকর পরিশোধ করলেই হবে, উৎসে কর দিতে হবে না। তবে ক্রয়-বিক্রয়ের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে কেবল উৎসে কর প্রযোজ্য থাকবে।

নতুন বিধান অনুযায়ী, সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে প্রযোজ্য কর নিবন্ধনের আগেই পৃথক ই-চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিতে হবে। কর পরিশোধের প্রমাণপত্র নিবন্ধনের আবেদনের সঙ্গে দাখিল করতে হবে। কর পরিশোধের প্রমাণ ছাড়া কোনো দলিল নিবন্ধন করা হবে না বলে জানিয়েছে এনবিআর।