দিনাজপুরের হিলি কাস্টমস দীর্ঘ বিরতির পর আবারও সাধারণ নিলামের আয়োজন করেছে। এবারের নিলামে মোট ৭৬টি বিভিন্ন ধরনের যানবাহন বিক্রি করা হবে।
রোববার (১৭ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকায় অবস্থিত হিলি কাস্টমস চত্বরে এ নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হবে।
হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিলামে ১২টি মোটরসাইকেল, ৬২টি বাইসাইকেল, একটি ইজি বাইক ও একটি প্যাডেল ভ্যান বিক্রির জন্য তোলা হবে।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, নিলামে অংশগ্রহণের জন্য নির্ধারিত সিডিউলের মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা। ইতোমধ্যে ১০৬টি সিডিউল বিক্রি হয়েছে। এতে নিলামকে ঘিরে স্থানীয় ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
কাস্টমস সূত্রে জানা যায়, সর্বশেষ ২০২২ সালে হিলি কাস্টমস সাধারণ নিলামের আয়োজন করেছিল। দীর্ঘ সময় পর পুনরায় এ আয়োজন হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

