NBR News & Views

কাস্টমস কর্মকর্তার ওপর হামলার ঘটনায় নিন্দা, দোষীদের শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক
কাস্টমস কর্মকর্তার ওপর হামলার ঘটনায় নিন্দা, দোষীদের শাস্তির দাবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দাপ্তরিক দায়িত্ব পালনকালে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা -এর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।

রবিবার (১০ মে) কমিশনারেটের পক্ষ থেকে যুগ্ম কমিশনার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ৯ মে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর সার্কেলের অধীন বাঞ্ছারামপুর উপজেলায় দাপ্তরিক দায়িত্ব পালন করছিলেন সহকারী রাজস্ব কর্মকর্তা এ. এস. এম সাইফুল ইসলাম। এ সময় একদল দুর্বৃত্ত তার ওপর ন্যাক্কারজনক হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন।

এতে আরও বলা হয়, দায়িত্ব পালনরত একজন সরকারি কর্মকর্তার ওপর এ ধরনের হামলা শুধু ব্যক্তির ওপর আঘাত নয়, বরং সরকারি কার্যক্রম, আইনি প্রক্রিয়া ও প্রশাসনিক ব্যবস্থার ওপর সরাসরি আঘাত। এ ধরনের ঘটনা কর্মকর্তাদের দাপ্তরিক কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং কর্মপরিবেশ বিঘ্নিত করে।

কাস্টমস কর্তৃপক্ষ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে আহত কর্মকর্তার দ্রুত সুস্থতা কামনা এবং ভবিষ্যতে সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আহত কর্মকর্তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় তদারকি করা হচ্ছে। পাশাপাশি অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে আইনি ও ফৌজদারি কার্যক্রম চলমান রয়েছে।