NBR News & Views

বৃহৎ করদাতা ইউনিট, মূল্য সংযোজন কর, ঢাকার কমিশনার হলেন হাছান মুহম্মদ তারেক রিকাবদার

নিজস্ব প্রতিবেদক
বৃহৎ করদাতা ইউনিট, মূল্য সংযোজন কর, ঢাকার কমিশনার হলেন হাছান মুহম্মদ তারেক রিকাবদার

জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট, মূল্য সংযোজন কর, ঢাকার কমিশনার পদে চলতি দায়িত্ব পেয়েছেন বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের কর্মকর্তা হাছান মুহম্মদ তারেক রিকাবদার। অতিরিক্ত কমিশনার পদ থেকে পদোন্নতি দিয়ে তাঁকে এ দায়িত্বে পদায়ন করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ৬ অক্টোবর ২০২৬ তারিখের প্রজ্ঞাপনে তাঁকে বৃহৎ করদাতা ইউনিট, মূল্য সংযোজন কর, ঢাকায় কমিশনার পদে চলতি দায়িত্বে পদায়ন করা হয়। এর আগে ৫ অক্টোবর তাঁকে অতিরিক্ত কমিশনার থেকে কমিশনার পদে চলতি দায়িত্বে পদোন্নতি দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী হাছান মুহম্মদ তারেক রিকাবদার নরসিংদী জেলার শিবপুরের কৃতী সন্তান। বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের কর্মকর্তা হিসেবে তিনি জাতীয় রাজস্ব প্রশাসনে দায়িত্ব পালন করছেন।

প্রজ্ঞাপনে চলতি দায়িত্ব পালনের ক্ষেত্রে কয়েকটি শর্ত উল্লেখ করা হয়েছে। শর্ত অনুযায়ী, চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছয় মাস পর্যন্ত কার্যভার ভাতা প্রাপ্য হবেন। দায়িত্বের মেয়াদ ছয় মাসের বেশি হলে মেয়াদ শেষ হওয়ার আগেই অর্থ বিভাগের সম্মতির জন্য প্রস্তাব পাঠাতে হবে। এ ছাড়া, পূর্ববর্তী পদের দায়িত্ব হস্তান্তর করে নতুন দায়িত্বে যোগদান করতে হবে। চলতি দায়িত্বকে পদোন্নতি হিসেবে দাবি করা যাবে না এবং দাপ্তরিক কাজে পদের নামের সঙ্গে ‘চলতি দায়িত্ব’ শব্দ দুটি যুক্ত করতে হবে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।