NBR News & Views

অর্থবছরের সময়কাল পরিবর্তন, নতুন সময় ১ এপ্রিল থেকে ৩১ মার্চ

নিজস্ব প্রতিবেদক
অর্থবছরের সময়কাল পরিবর্তন, নতুন সময় ১ এপ্রিল থেকে ৩১ মার্চ

বাংলাদেশে অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যমান ১ জুলাই থেকে ৩০ জুনের পরিবর্তে এখন থেকে অর্থবছর হবে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ। তবে পরিবর্তনের জন্য ২০২৭-২৮ অর্থবছরকে অন্তর্বর্তীকালীন অর্থবছর হিসেবে বিবেচনা করা হবে।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।

সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবছর হবে নয় মাসের। ওই অর্থবছর জুলাই ২০২৭ থেকে মার্চ ২০২৮ পর্যন্ত চলবে। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন নিয়মে এপ্রিল থেকে মার্চ পর্যন্ত ১২ মাসের অর্থবছর কার্যকর হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত অর্থবছর হিসাব করা হয়। এর ফলে জুলাই-আগস্ট মাসে বর্ষাকালে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলমান থাকে। বর্ষার কারণে একদিকে এসব কাজ দীর্ঘায়িত হয়, অন্যদিকে কাজের গুণগত মান ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টি হয়।

এপ্রিল থেকে মার্চ পর্যন্ত অর্থবছর চালু করা হলে বর্ষা শুরুর আগেই অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করার সুযোগ তৈরি হবে। এ কারণে নতুন সময়কাল নির্ধারণকে যুক্তিযুক্ত মনে করছে সরকার।

অর্থবছর পরিবর্তনের বিষয়ে পরবর্তী কর্মপন্থা নির্ধারণে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, লেজিসলেটিভ বিভাগ, অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে।

এ ছাড়া অর্থবছরের সময়কাল পরিবর্তনের জন্য সংবিধান ও জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭-এর প্রয়োজনীয় সংশোধন করতে হবে। পাশাপাশি সরকারের আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যবস্থায় প্রযুক্তিগত পরিবর্তন আনতে হবে।