NBR News & Views

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি রাষ্ট্রীয় ধারাবাহিকতায় পাওয়া : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি রাষ্ট্রীয় ধারাবাহিকতায় পাওয়া : বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্যচুক্তি বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার (৫ মে ২০২৬) সচিবালয়ে যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় পর্যায়ে সম্পাদিত কোনো চুক্তি ব্যক্তিগত সিদ্ধান্তের মতো ইচ্ছামতো বাতিল বা পরিবর্তন করা যায় না। এসব চুক্তি রাষ্ট্রীয় ধারাবাহিকতার অংশ হিসেবে পরিচালিত হয়।

তিনি আরও বলেন, বর্তমান সরকার এই চুক্তির সূচনাকারী নয়, বরং পূর্ববর্তী প্রশাসনের সময় থেকে এটি বিদ্যমান অবস্থায় পেয়েছে। তাই এটিকে রাষ্ট্রীয় নীতি ও ধারাবাহিকতার অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ অংশ নেন।

বৈঠকে দুই দেশের বাণিজ্যচুক্তি পারস্পরিক স্বার্থে আরও কার্যকরভাবে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি সবসময় দুই পক্ষের সমন্বয়ে গঠিত হয় এবং এতে উভয় দেশের জন্য সুবিধাজনক পরিস্থিতি তৈরি করার লক্ষ্য থাকে।

তিনি জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ প্রয়োজনীয় ব্যাখ্যা চেয়েছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিজেদের অবস্থান তুলে ধরেছে।

মন্ত্রী আরও বলেন, দেশের স্বার্থ রক্ষা করাই সরকারের মূল লক্ষ্য। যদি কোনো চুক্তির ধারা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী হয়, তবে তা পুনর্বিবেচনার সুযোগ রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত অতিরিক্ত শুল্কের প্রভাব কমাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি পারস্পরিক শুল্ক চুক্তি স্বাক্ষরিত হয় বলে জানা যায়।