স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার (এইচইউএফ) ব্যতীত অন্যান্য সকল করদাতার আয়কর রিটার্ন দাখিলের বর্ধিত সময়সীমা আগামী ১৭ মে ২০২৬ পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২০২৬ করবর্ষের জন্য রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ, রাজস্ব বৃদ্ধি এবং করদাতাদের সুবিধার্থে এসব করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা পূর্বে ১৫ মে ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছিল।
তবে ১৫ মে শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় আয়কর আইন, ২০২৩ অনুযায়ী ছুটির অব্যবহিত পরবর্তী কর্মদিবস ১৭ মে ২০২৬ তারিখকে রিটার্ন দাখিলের শেষ দিন হিসেবে গণ্য করা হবে।
এনবিআর আরও জানায়, আইনানুগভাবে নির্ধারিত ও বর্ধিত এই সময়সীমা পার হওয়ার পর আর কোনো সময় বৃদ্ধি করা হবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য করদাতারা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে অসমর্থ হলে আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৭৪ অনুযায়ী নির্ধারিত কর পরিশোধ সাপেক্ষে স্বনির্ধারণী পদ্ধতিতে আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত সংশ্লিষ্ট কর সার্কেলে রিটার্ন দাখিল করতে পারবেন।
দেশের অর্থনৈতিক অগ্রগতি সচল রাখা এবং আইনি বাধ্যবাধকতা পরিপালনে সকল করদাতার আন্তরিক সহযোগিতা কামনা করেছে ।

