মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ-২০২৬ এ ৮০০ মিটার স্প্রিন্টারে অংশ নিয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ঢাকা (দক্ষিণ), ঢাকার সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ মিনু রহমান। তাঁর এ সাফল্যে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
মালেতে অনুষ্ঠিত আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় ৯টি দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন মিনু রহমান। ক্রীড়া নৈপুণ্য, অধ্যবসায় ও দৃঢ় মনোবলের মাধ্যমে তিনি এ সাফল্য অর্জন করেন।
মিনু রহমানের এই আন্তর্জাতিক অর্জনে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ঢাকা (দক্ষিণ), ঢাকার কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, তাঁর এই সাফল্য দেশের রাজস্ব প্রশাসনের জন্য গৌরবের এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের অনুপ্রেরণা হয়ে থাকবে।
সহকর্মীরা আশা প্রকাশ করেন, মিনু রহমান ভবিষ্যতেও আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বয়ে আনবেন এবং ক্রীড়া ক্ষেত্রে আরও সফলতা অর্জন করবেন।

