NBR News & Views

সংসদে বিল পাস

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল

নিজস্ব প্রতিবেদক
সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে সংশোধনী বিল পাস করেছে জাতীয় সংসদ। রবিবার (২৬ এপ্রিল ২০২৬) জাতীয় সংসদে ‘দ্য মেম্বারস অব পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) অর্ডার ১৯৭৩’ সংশোধন বিলটি পাস হয়। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি সংসদে উত্থাপন করেন। বিলের ওপর কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় আলোচনা ছাড়াই এটি পাস করা হয়।

নতুন সংশোধনের মাধ্যমে আইনের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধাসংক্রান্ত ধারা (৩সি) বিলুপ্ত করা হয়েছে। পূর্ববর্তী বিধান অনুযায়ী একজন সংসদ সদস্য তার মেয়াদকালে শুল্কমুক্তভাবে একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানি করতে পারতেন এবং পাঁচ বছর পর আরেকটি গাড়ি আমদানির সুযোগ ছিল।

এর আগে গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই সংশোধনীর অনুমোদন দেওয়া হয়। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর এটি আইনে পরিণত হবে।

প্রসঙ্গত, সরকারি দল ও বিরোধী দল আগেই শুল্কমুক্ত গাড়ি সুবিধা না নেওয়ার বিষয়ে সম্মত হয়েছিল। তবে সংসদ সদস্যদের পক্ষ থেকে সরকারি গাড়ি সুবিধা বৃদ্ধির দাবি জানানো হয়েছে, যা সরকার বিবেচনার আশ্বাস দিয়েছে।

এদিকে একই অধিবেশনে বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণে সুপারিশ দিতে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সরকারি ও বিরোধী দলের সদস্যরা রয়েছেন। কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ৩০ দিন।

কমিটিতে রয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, হুইপ এ বি এম আশরাফ উদ্দিন, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, সরকারি দলের সদস্য মঈনুল ইসলাম খানসহ বিরোধী দলের সদস্য সাইফুল আলম, নুরুল ইসলাম, মো. আবদুল বাতেন, আবুল হাসনাত ও মোহাম্মদ আবুল হাসান।