হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের এক কর্মীর কাছ থেকে ৯টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ হাজার ৪৯ দশমিক ৪০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১০ লাখ টাকা।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রেস রিলিজে জানানো হয়, গতকাল রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এভসেকের সহায়তায় এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করে। তল্লাশিতে তার শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ হাজার ৪৯ দশমিক ৪০ গ্রাম বা প্রায় ১ দশমিক ০৫ কেজি। এর আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ টাকা বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মী ওবায়দুর রহমানের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরে একজন যাত্রীকে আটক করা হয়। একই ঘটনায় বাংলাদেশ বিমানের কর্মী ওবায়দুর রহমানকেও আটক করা হয়েছে।
উদ্ধার করা স্বর্ণসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনের অধীনে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

