NBR News & Views

শাহজালালে তানজানিয়ার নাগরিক আটক, পাকস্থলীতে মিলল ৮০ ক্যাপসুল কোকেন

নিজস্ব প্রতিবেদক
শাহজালালে তানজানিয়ার নাগরিক আটক, পাকস্থলীতে মিলল ৮০ ক্যাপসুল কোকেন

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবুল নাসের বাকারি জহা নামে তানজানিয়ার এক নাগরিককে আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তার পাকস্থলীতে ৮০টি ক্যাপসুল সদৃশ বস্তু পাওয়া গেছে, যেগুলোতে কোকেন রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বুধবার (২০ মে) শাহজালাল বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক নাঈমুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তানজানিয়ার নাগরিক আবুল নাসের ইথিওপিয়া থেকে বুধবার সকালে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা তাকে আটক করেন।

প্রাথমিকভাবে তার লাগেজ স্ক্যানিং ও দেহ তল্লাশিতে সন্দেহজনক কিছু পাওয়া না গেলেও পরবর্তীতে পাকস্থলীর এক্স-রে ও সিটি স্ক্যান করা হলে ক্যাপসুল সদৃশ বস্তুর উপস্থিতি শনাক্ত হয়।

আটক ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী, তার পাকস্থলীতে ৮০টি ক্যাপসুলে কোকেন পাউডার রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ১৮টি ক্যাপসুল উদ্ধার করা হয়েছে। বাকি ক্যাপসুল উদ্ধারের কার্যক্রম চলমান রয়েছে।

প্রাথমিক ধারণা অনুযায়ী, উদ্ধার হওয়া ও পাকস্থলীতে থাকা ক্যাপসুলগুলোতে প্রায় ১ হাজার ১০০ গ্রাম কোকেন পাউডার থাকতে পারে। তবে ল্যাব পরীক্ষার পরই ক্যাপসুলগুলোতে কোকেন থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় মাদক চোরাচালানের অভিযোগে ফৌজদারি মামলা এবং কাস্টমস অ্যাক্টের আওতায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।