রিচার্জেবল রিমোট কন্ট্রোল (আরআরসি) খেলনা ঘোষণার আড়ালে আমদানি করা প্রায় এক কোটি টাকা মূল্যের ১ হাজার ৯৮০টি ড্রোন আটক করেছে কাস্টম হাউস আইসিডি, কমলাপুর, ঢাকা। আটক ড্রোনগুলোর মোট ওজন ৬৫৮ কেজি।
কাস্টমস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ সেপ্টেম্বর কাস্টম হাউস আইসিডি, কমলাপুরে একটি পণ্যচালানের কায়িক পরীক্ষা করা হয়। চালানটির বিল অব এন্ট্রি (বি/ই) নম্বর-১২৩৬৭, তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৬। আমদানিকারক প্রতিষ্ঠান মিম কালেকশন, চকবাজার, ঢাকা। বিভিন্ন ধরনের খেলনা ঘোষণায় আমদানি করা ওই চালানের কায়িক পরীক্ষায় ঘোষণার সঙ্গে অসঙ্গতিপূর্ণ বিপুলসংখ্যক ড্রোন শনাক্ত করা হয়।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, আমদানি নিয়ন্ত্রিত ড্রোনগুলো খেলনা হিসেবে ঘোষণা দিয়ে আমদানির চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় আমদানি করা ড্রোনগুলোর সঙ্গে সংশ্লিষ্ট রাজস্ব ও প্রযোজ্য জরিমানা আদায়ের কার্যক্রম নেওয়া হবে।
এ ছাড়া আটক ড্রোনগুলোর উড্ডয়নসীমা এবং সংশ্লিষ্ট দলিলাদি যাচাই করা হবে। যাচাই শেষে প্রযোজ্য আইন ও বিধিমালা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। কাস্টমস আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কাস্টম হাউস আইসিডি, ঢাকার কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দীন বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী আমদানি নীতি পরিপন্থী পণ্য আমদানি ও রাজস্ব ফাঁকি রোধে কাস্টম হাউস আইসিডি, ঢাকা কঠোর অবস্থানে রয়েছে। আমদানি নীতি পরিপন্থী ও রাজস্ব ফাঁকির সঙ্গে জড়িত কর্মকাণ্ড প্রতিরোধে কাস্টমসের তৎপরতা অব্যাহত থাকবে।

