আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থ সংগ্রহকারী প্রতারক চক্রের বিষয়ে দেশবাসীকে সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রবিবার (১ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে কিছু প্রতারক চক্র আয়কর বিভাগে চাকরি দেওয়ার নামে অভিনব কৌশলে প্রতারণার অপচেষ্টা চালাচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের শূন্য পদে জনবল নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। এ সুযোগে প্রতারক চক্রগুলো চাকরিপ্রার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের জন্য বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। যারা নিজ যোগ্যতায় চাকরি পাবেন, তাদেরকেও অর্থের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে বলে মিথ্যা প্রচারণা চালিয়ে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে।
এনবিআর জানায়, চলমান নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, পাবলিক সার্ভিস কমিশন এবং আয়কর বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
প্রতারক চক্রের কোনো তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কর কমিশনার কার্যালয় অথবা জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তাকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে চাকরিপ্রার্থী ও অভিভাবকদের এ ধরনের প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে এনবিআর।

