NBR News & Views

বিমানবন্দরের কমোডের ট্যাংকে ৪.২০৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট

নিজস্ব প্রতিবেদক
বিমানবন্দরের কমোডের ট্যাংকে ৪.২০৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়াশরুমের একটি কমোডের ট্যাংক থেকে ৪ দশমিক ২০৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার করা পেস্টের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের কাস্টমস হলের ১ নম্বর বেল্ট সংলগ্ন ওয়াশরুমে অভিযান পরিচালনা করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারপোর্ট (এ-শিফট) দল।

অভিযানে একটি হাই কমোডের ট্যাংকের ভেতর থেকে মালিকবিহীন অবস্থায় পলিথিনে মোড়ানো আটটি ডিমসদৃশ প্যাকেট উদ্ধার করা হয়। বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে প্যাকেটগুলো কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে খোলা হয়।

প্যাকেটগুলোতে প্রাথমিকভাবে ৪ দশমিক ২০৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট পাওয়া যায়। তবে পেস্ট থেকে স্বর্ণ পৃথক করার পরই প্রকৃত পরিমাণ ও বিশুদ্ধতা নিশ্চিত হওয়া যাবে।

বর্তমানে নিবন্ধিত স্বর্ণকারের মাধ্যমে পেস্ট থেকে স্বর্ণ পৃথকীকরণ এবং এর প্রকৃত ওজন ও বিশুদ্ধতা নির্ধারণের কার্যক্রম চলছে। প্রাথমিক হিসাবে উদ্ধার করা পেস্ট থেকে পাওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি ৫০ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পরীক্ষা-নিরীক্ষা শেষে উদ্ধারকৃত স্বর্ণের চূড়ান্ত পরিমাণ, বিশুদ্ধতা ও প্রকৃত মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।