NBR News & Views

জাপান থেকে পুরাতন মোটর পার্টস ও ইঞ্জিন আমদানিতে অনিয়ম, চালানে মিলল ১৯ পুরাতন ইঞ্জিন

নিজস্ব প্রতিবেদক
জাপান থেকে পুরাতন মোটর পার্টস ও ইঞ্জিন আমদানিতে অনিয়ম, চালানে মিলল ১৯ পুরাতন ইঞ্জিন

জাপান থেকে পুরাতন মোটর পার্টস ও ইঞ্জিন আমদানির ঘোষণায় আনা একটি পণ্যচালানে ১৯টি পুরাতন ইঞ্জিন, বিভিন্ন ধরনের পুরাতন পার্টস এবং দুটি গাড়ি বিযুক্ত অবস্থায় পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও কাস্টমস হাউস, আইসিডির যৌথ কার্যক্রমে এসব পণ্য শনাক্ত করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, বি/ই নম্বর সি-৯৭৬৬, তারিখ ৩০ জুলাই ২০২৬-এর মাধ্যমে জাপান থেকে পুরাতন মোটর পার্টস ও ইঞ্জিন আমদানির ঘোষণা দেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে পণ্যচালানটি গত ১ সেপ্টেম্বর শুল্ক গোয়েন্দা ও কাস্টমস হাউস, আইসিডি কর্তৃক লক করা হয়।

পণ্যচালানটির আমদানিকারক মৈত্রী অটোমোবাইল, আরাকান রোড, চন্দনগাঁও, চট্টগ্রাম এবং সিঅ্যান্ডএফ এজেন্ট জে পি এক্সপ্রেস লিমিটেড, খ-১৯৭, খিলক্ষেত, নামাপাড়া, ঢাকা।

পরে গত ১৫ সেপ্টেম্বর পণ্যচালানটি ফোর্স কিপ ডাউনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এরপর দুই দিনব্যাপী পরীক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়। পরীক্ষণে মোট ১৯টি পুরাতন ইঞ্জিন, বিভিন্ন ধরনের পুরাতন মোটর পার্টস এবং দুটি গাড়ি বিযুক্ত অবস্থায় পাওয়া যায়।

এ ঘটনায় পরীক্ষণ প্রতিবেদন তৈরির পাশাপাশি পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, পণ্যচালানটিতে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির ঝুঁকি রয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সার্বিক নির্দেশনা এবং মহাপরিচালক, শুল্ক গোয়েন্দার সহযোগিতায় এ ঘটনায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।