NBR News & Views

এআরওকে লাঞ্ছনার ঘটনায় এনবিআর চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
এআরওকে লাঞ্ছনার ঘটনায় এনবিআর চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ

বেনাপোল স্থলবন্দরের ৪১ নম্বর শেডে সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) মাঈন উদ্দিন আরমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে কাস্টমস হাউস, বেনাপোলের যুগ্ম কমিশনার-২ শরফুদ্দিন মিঞার বিরুদ্ধে। এ ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কর্মকর্তা।

রবিবার (১১ অক্টোবর) এনবিআর চেয়ারম্যান বরাবর দেওয়া অভিযোগে ঘটনার বিস্তারিত তুলে ধরেন মাঈন উদ্দিন আরমান।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৮ অক্টোবর দাপ্তরিক দায়িত্ব পালনকালে কাস্টমস হাউস, বেনাপোলের যুগ্ম কমিশনার-২ শরফুদ্দিন মিঞা (পরিচিতি নম্বর-৩০০২৮৪) তাঁকে বেনাপোল স্থলবন্দরের ৪১ নম্বর শেডে ডেকে পাঠান। সেখানে বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে একাধিক কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতিতে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় কাস্টমস হাউস, বেনাপোলের আইআরএম শাখার দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার তওফিকুর রহমান, সহকারী রাজস্ব কর্মকর্তা আনিসুর রহমান এবং বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আজহারুল ইসলামসহ বন্দরের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করেন।

এর আগে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেনাপোল স্থলবন্দরের ৪১ নম্বর শেডে পণ্য খালাসের সময় এআরও মাঈন উদ্দিন আরমানকে লাথি মারার অভিযোগ ওঠে যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিঞার বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীরা পণ্য খালাস কার্যক্রম বন্ধ করে দেন। এতে প্রায় চার ঘণ্টা বন্দরে পণ্য ছাড়করণ কার্যক্রম ব্যাহত হয়।

ঘটনার পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেওয়ায় বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা তৈরি হয়েছে। অভিযোগের বিষয়ে এনবিআর কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেদিকে নজর সংশ্লিষ্টদের।