NBR News & Views

ব্যাটারি প্রস্তুতকারী জিউঝৌ ইন্ডাস্ট্রির ৩১৭ কোটি টাকার ভ্যাট ফাঁকি

নিজস্ব প্রতিবেদক
ব্যাটারি প্রস্তুতকারী জিউঝৌ ইন্ডাস্ট্রির ৩১৭ কোটি টাকার ভ্যাট ফাঁকি

ব্যাটারি প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিউঝৌ ইন্ডাস্ট্রি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৩১৭ কোটি ৯২ লাখ টাকার মূসক বা ভ্যাট ফাঁকির অভিযোগ উন্মোচন করেছে নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর, ঢাকা।

রোববার (৩০ আগস্ট) নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩ আগস্ট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি চৌকস নিবারক দল জিউঝৌ ইন্ডাস্ট্রি লিমিটেডের প্রাঙ্গণে অভিযান পরিচালনা করে। এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন বাণিজ্যিক দলিল ও নথিপত্র জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত দলিলাদি বিস্তারিত পর্যালোচনা এবং হিসাব-নিকাশ শেষে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩১৭ কোটি ৯২ লাখ ৫১ হাজার ৩৭৮ টাকা মূসক ফাঁকির তথ্য পাওয়া যায়।

নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের দাবি, ব্যাটারি উৎপাদন ও বিক্রয়ের বিপরীতে প্রতিষ্ঠানটি উল্লিখিত পরিমাণ মূসক ফাঁকি দিয়েছে। সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে প্রকৃত তথ্য গোপন রেখে প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করে আসছিল বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উন্মোচিত রাজস্ব আদায় এবং ভ্যাট আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরবর্তী আইনি ও বিচারিক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রাজস্ব ফাঁকি রোধে নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কঠোর নজরদারি ও নিবারক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।