অনলাইনভিত্তিক তৈরি পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কমিশনারের নির্দেশনায় গত ১৩ সেপ্টেম্বর মিরপুরের সেকশন-১২-এর ব্লক-ডি, রোড নম্বর-২৫, বাড়ি নম্বর-৪২-এ অবস্থিত জে-ক্রিয়েশনে আকস্মিক অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি অনলাইনে পাঞ্জাবি, শেরওয়ানি ও বিভিন্ন ধরনের তৈরি পোশাক বিক্রি করে।
অভিযানকালে প্রতিষ্ঠানে মূসক ফাঁকির আলামত পাওয়া যায়। পরে অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য মূসক-১২.৩-এর মাধ্যমে প্রতিষ্ঠানটির সিপিইউসহ বিভিন্ন দলিলাদি জব্দ করা হয়।
জব্দ করা দলিলাদি এবং প্রতিষ্ঠানের বিক্রয়সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে প্রায় ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকির তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে এনবিআর।
এ ঘটনায় সংগৃহীত দলিলাদি আরও যাচাই-বাছাই করা হচ্ছে। রাজস্ব ফাঁকির ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে।

