হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর শরীর থেকে ৩টি ডিম্বাকৃতির পেস্ট আকারের স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ কেজি ২৯০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার এরাবিয়ার G9 518 ফ্লাইটে ঢাকায় আসা এক যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টমস হাউস সূত্রে জানা যায়, স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি করছিল কাস্টমসের প্রিভেন্টিভ টিম। একপর্যায়ে আরমান উদ্দিন সিদ্দিক নামের ওই যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট-২-এ উপস্থিত হলে তাকে সন্দেহজনক মনে হয়। পরে প্রিভেন্টিভ টিম তার দেহ তল্লাশি করে।
তল্লাশির একপর্যায়ে যাত্রীর পায়ুপথে বিশেষভাবে লুকানো অবস্থায় সাদা কসটেপে মোড়ানো ৩টি ডিম্বাকৃতির পেস্ট সদৃশ স্বর্ণ উদ্ধার করা হয়। প্রতিটি পেস্টের ওজন ৪৩০ গ্রাম করে, মোট ওজন ১ হাজার ২৯০ গ্রাম। কাস্টমসের তথ্য অনুযায়ী, উদ্ধার করা পেস্টের বিশুদ্ধতা ২৪ ক্যারেট।
স্বর্ণকারের প্রত্যয়ন অনুযায়ী, ডিম্বাকৃতির এসব স্বর্ণের পেস্ট পরিশোধন করা হলে আনুমানিক ১ কেজি স্বর্ণ পাওয়া যেতে পারে। এর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।
এ ঘটনায় সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে কাস্টমস হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

