NBR News & Views

শাহজালালে এক ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট আটক

নিজস্ব প্রতিবেদক
শাহজালালে এক ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে এক ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ থেকে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ আটক করা হয়েছে। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা।

সোমবার (৫ অক্টোবর) মহাপরিচালকের কাছ থেকে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্ট (সি-শিফট)-এর কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় শারজাহ থেকে ঢাকাগামী G9 571 ফ্লাইটে আসা যাত্রীদের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করা হয়।

তল্লাশিকালে Mohammed Shahin-এর ব্যাগেজ থেকে ৩২০ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ আটক করা হয়। একইভাবে K M Fozol Haque-এর ব্যাগেজ থেকে ১২৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ এবং Belayet Bhuiyan Hossain-এর ব্যাগেজ থেকে ১৮৬ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, তিন যাত্রীর কাছ থেকে মোট ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ আটক করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে বিমানবন্দরে চোরাচালান এবং ব্যাগেজ সুবিধার অপব্যবহার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।