কর নথি (ফাইল) অডিটে পড়েছে—এমন তথ্য দিয়ে এক শ্রেণির প্রতারকচক্র করদাতাদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে বলে সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ধরনের প্রতারণার ফাঁদে পা না দিতে এবং সন্দেহজনক যোগাযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর কার্যালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
রোববার (৫ জুলাই) এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি প্রতারকচক্র বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে করদাতাদের সঙ্গে যোগাযোগ করে তাদের কর নথি অডিটের জন্য নির্বাচিত হয়েছে বলে দাবি করছে। এরপর অডিট থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস কিংবা আইনি জটিলতার ভয় দেখিয়ে অবৈধভাবে অর্থ দাবি করছে।
এনবিআর জানায়, কর নথি অডিট সংক্রান্ত বিষয়ে কোনো কর্মকর্তা বা কর্মচারী কখনোই ব্যক্তিগত মোবাইল নম্বর বা অননুমোদিত মাধ্যমে করদাতাদের সঙ্গে যোগাযোগ করেন না। কোনো কর নথি অডিটের জন্য নির্বাচিত হলে আইন অনুযায়ী শুধুমাত্র আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমেই সংশ্লিষ্ট করদাতাকে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর-সংক্রান্ত যেকোনো বকেয়া কর বা ফি কেবল সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বা ব্যক্তি ব্যক্তিগতভাবে কিংবা বিকাশ, রকেট, নগদ বা অন্য কোনো মোবাইল ব্যাংকিং বা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে অর্থ গ্রহণের এখতিয়ার রাখেন না।
সন্দেহজনক ফোনকল, খুদে বার্তা (এসএমএস) বা ই-মেইল পেলে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপকর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করার পরামর্শ দিয়েছে এনবিআর।
এ ছাড়া, কেউ এনবিআরের কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ পুলিশকে অবহিত করা এবং প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর সংরক্ষণ করার আহ্বান জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে এনবিআর বলেছে, করদাতাদের হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা প্রদানেই তারা বদ্ধপরিকর। তাই কোনো অবস্থাতেই প্রতারকদের প্রলোভন বা ভয়ভীতিতে পড়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য করদাতাদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

