হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের অভিযানে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এক যাত্রীর শরীর থেকে ৪ দশমিক ৫ কেজি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ৮ কোটি টাকা।
রবিবার (৪ অক্টোবর) গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন। কুয়ালালামপুর থেকে ঢাকায় আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-০১৯৬ ফ্লাইটের এক মালয়েশীয় যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটি ঢাকায় অবতরণের পর বিমান থেকে নামার পর থেকেই সন্দেহভাজন ওই যাত্রীকে নজরদারিতে রাখা হয়। পরে যাত্রীরা বেল্ট থেকে ব্যাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল-১ অতিক্রম করার সময় তাকে আলাদা করা হয়। গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা স্বর্ণবারের অস্তিত্ব পাওয়া যায়।
রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে ওই যাত্রীর শরীর থেকে স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়। স্বর্ণবারগুলো একটি কালো কাপড়ের বেল্টে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় শার্টের নিচে লুকিয়ে রাখা হয়েছিল।
উদ্ধার করা স্বর্ণের মধ্যে প্রতিটি এক কেজি ওজনের চারটি এবং ১০০ গ্রাম ওজনের পাঁচটি বার রয়েছে। সব মিলিয়ে স্বর্ণের মোট ওজন ৪ দশমিক ৫ কেজি। উদ্ধার করা স্বর্ণবারগুলোর বিশুদ্ধতা ২৪ ক্যারেট বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
কাস্টমস জানায়, ওই যাত্রী কোনো ধরনের ব্যাগেজ ঘোষণা দেননি। এছাড়া উদ্ধার করা স্বর্ণের বিষয়ে কাস্টমস আইন, ২০২৩ ও ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল অ্যাক্ট, ১৯৪৭ অনুযায়ী কোনো নথি বা দলিলও প্রদর্শন করতে পারেননি।
আইনি কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে কাস্টমস আইন, ২০২৩-এর ধারা ১৯১ অনুযায়ী স্বর্ণগুলো সাময়িকভাবে আটক করা হয়েছে। এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় সংশ্লিষ্ট আইনে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে অবৈধ স্বর্ণ চোরাচালান প্রতিরোধ এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

