হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে দুই বিমানকর্মীর জুতার ভেতর থেকে ৯ দশমিক ৩৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে সিআইআইডির কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্ক অবস্থান গ্রহণ করেন। এ সময় দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে-০৫৮২ ফ্লাইটের দুই বিমানকর্মীর ওপর নজরদারি করা হয়।
পরে তাদের তল্লাশি করে জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় মোট ৮০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। প্রতিটি স্বর্ণবারের ওজন প্রায় ১১৭ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, স্বর্ণবারগুলো জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে বহন করা হচ্ছিল। বিমানকর্মীদের মাধ্যমে এভাবে স্বর্ণ আনার ঘটনায় কারা জড়িত, স্বর্ণগুলো কোথা থেকে আনা হয়েছে এবং কোথায় পৌঁছে দেওয়ার কথা ছিল—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তদন্তের পর স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িতদের বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

