নবায়নযোগ্য জ্বালানির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস সৌর বিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণে এ খাতের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক-কর সুবিধা আরও বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সুবিধার ফলে নির্ধারিত সৌর বিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে মোট করভার কমে ১ শতাংশে নেমে এসেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
এনবিআর জানায়, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে গত ৮ জুন জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে সৌর বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ উপকরণ আমদানিতে আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক ও আগাম কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। ওই সুবিধার পর এসব উপকরণ আমদানিতে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) ও ২ শতাংশ অগ্রিম আয়করসহ মোট করভার ছিল ১৭ শতাংশ।
বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ ঘাটতির প্রেক্ষাপটে সৌর বিদ্যুৎ উৎপাদন দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে বিদ্যমান সুবিধা আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে এনবিআর।
নতুন সুবিধার আওতায় সৌর বিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি এবং সম্পূর্ণ রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর, আগাম কর ও অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে এসব উপকরণ আমদানিতে মোট করভার হবে মাত্র ১ শতাংশ।
এ সুবিধা প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১৮০ দিন কার্যকর থাকবে।
এনবিআর আরও জানিয়েছে, আগে বাণিজ্যিক আমদানিকারকদের ক্ষেত্রে সৌর বিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে এ সুবিধা প্রযোজ্য ছিল না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শর্তসাপেক্ষে বাণিজ্যিক আমদানিকারকরাও এ সুবিধা পাবেন।
অর্থাৎ বাণিজ্যিক আমদানিকারকদের ক্ষেত্রেও ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি এবং রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূসক, আগাম কর ও অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এনবিআরের মতে, এ সুবিধার ফলে সৌর বিদ্যুৎ প্রকল্পের ব্যয় কমবে। পাশাপাশি দেশে নতুন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দ্রুত বাড়বে, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে এবং দেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন আরও সুদৃঢ় হবে।

