বিসিএস (কর) ক্যাডারের কর্মকর্তারা ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অসাধারণ সাফল্য অর্জন করেছেন। প্রশিক্ষণ কোর্সে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করে রেক্টর’স মেডেল লাভ করেছেন ৪১তম বিসিএস (কর) ক্যাডারের কর্মকর্তা নাফিস সাদিক। পাশাপাশি অংশগ্রহণকারী ২৫ জন কর্মকর্তার মধ্যে ১৩ জন সার্টিফিকেট অব এক্সিলেন্স অর্জন করেছেন।
গত রবিবার (১৭ মে) বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৮ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হওয়া চার মাসব্যাপী এই প্রশিক্ষণে ১৮টি ক্যাডারের মোট ৪২৯ জন কর্মকর্তা অংশ নেন। এতে ৪১তম বিসিএস (কর) ক্যাডারের ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কোর্সে সর্বোচ্চ ৮৫ শতাংশ নম্বর অর্জন করে মেধাতালিকায় প্রথম স্থান লাভ করেন নাফিস সাদিক। এ অর্জনের মাধ্যমে তিনি রেক্টর’স মেডেল লাভ করে বিসিএস (কর) পরিবারকে গৌরবান্বিত করেন।
এছাড়াও সার্টিফিকেট অব এক্সিলেন্স অর্জনকারী কর্মকর্তারা হলেন- হাসান মাহমুদ (৮ম), সজল বেপারী (২১তম), আইরিন জাহান আফরোজ (৩৩তম), মো. নাহিদ হাসান (৩৯তম), কামরুল হোসেন (৪২তম), সানজানা সালসাবিল মম (৪৯তম), কাজী মঈনুল হোসেন (৫০তম), মো. আবুল কালাম আজাদ (৫৫তম), অভিরুপ সাহা (৫৭তম), মো. আনিছুর রহমান (৬৪তম), স্বাধীন বিন আমিন (৭১তম) এবং আফিয়া ফারজানা (৭৩তম)।
সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, এমপি। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর সাঈদ মাহবুব খান।
অনুষ্ঠানে বক্তারা দক্ষ, সৎ ও জনবান্ধব প্রশাসন গঠনে নবীন কর্মকর্তাদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

